ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
একইদিন সন্ধ্যায় জামালপুরে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক পথচারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি জানান, নিহত দু'জনের পরিচয় পাওয়া জানা গেছে। এরা হলেন- রাজনগর উপজেলার দাসটিলা গ্রামের সোহেল আহমদ (৩৫) ও নয়াটিলা গ্রামের মুসলিম মিয়া (৩২)।
আহত হেলাল আহমদ (৩২), খালেদ আহমদ (৩০) ও সফিক মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।
রাজনগর থানার ওসি জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি যাত্রীবাহী মিনিবাস ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক দিয়ে কুলাউড়া যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজনগর উপজেলার মুশুরিয়া গ্রামের রাইসমিল এলাকায় বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
জামালপুর প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কে কানিল শ্মশানঘাট এলাকায় ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত খলিলুর রহমান (২৮) জামালপুর সদর উপজেলার আলগীরচর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন জানান, রাস্তা পারাপারের সময় জামালপুর থেকে ঢাকাগামী ট্রাকটি খলিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা যায়নি। লাশ থানায় রাখা আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24