ঢাকা, ডিসেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক বিভাগের কিছু দুর্নীতিপরায়ন কর্মকর্তা চলতি অর্থ বছরের ছয় মাসে যানবাহন থেকে আদায় করা ফি ও করের অন্তত ১২ কোটি টাকা আত্মসাত করেছে। মঙ্গলবার এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কথিত অর্থ আত্মসাতের এ অভিযোগ খতিয়ে দেখার সুপারিশ করেছে।
বাংলাদেশ ডাক বিভাগ বিআরটিএ'র পক্ষ থেকে যানবাহনের নিবন্ধন ফি এবং কর আদায় করে থাকে।
সংসদ ভবনে বৈঠক শেষে স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাক বিভাগের আর্থিক বিবৃতি অনুযায়ী, শুধুমাত্র ২০০৯-১০ অর্থবছরে এই বিভাগের দুর্নীতি পরায়ন কর্মকর্তারা যানবাহনের নিবন্ধন ফি ও কর বাবদ আদায় হওয়া প্রায় সাড়ে ১২ কোটি টাকা আত্মসাত করেছেন।
"আমরা কমিটির সদস্যরা মনে করি আত্মসাত হওয়া অর্থের পরিমাণ এর চেয়ে অন্তত তিন গুণ হবে। বৈঠকে আমরা এ ব্যাপারে বিভাগীয় তদন্তের সুপারিশ করেছি। তা না হলে সংসদীয় কমিটি নিজেই তদন্ত করবে।"
নবম জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকে এ নিয়ে বিআরটিএ'র কর্মকাণ্ডে দ্বিতীয় বারের মতো দুর্নীতির অভিযোগ উঠলো।
এর আগে বিআরটিএ'র কর্মকাণ্ডে কথিত দুর্নীতির অভিযোগ তদন্তে স্থায়ী কমিটি একটি সংসদীয় উপ-কমিটি গঠন করেছিলো। ক্ষমতাসীন দলের সাংসদ ওমর ফারুক চৌধুরীকে কমিটির প্রধান করা হয়। কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
২০০৭ সালে বিআরটিএ যানবাহনের নিবন্ধন ফি ও কর আদায়ের অর্থ আত্মসাতের ঘটনায় বিভাগীয় তদন্ত করে।
ডাক বিভাগের আসাধু কর্মকর্তারা বিআরটিএ'র কতিপয় কর্মকর্তার যোগসাজশে ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে ১০০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত করে বলে তখন যানবাহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে।
যানবাহনের নিবন্ধন ফি ও কর আদায়ের অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ওই সময় ডাক বিভাগের কিছু কর্মকর্তা চাকরি হারান।
মুজিবুর রহমান বলেন, "এ ধরনের অর্থ আত্মসাতের ঘটনা এড়াতে হলে বিআরটিএ-কে অবিলম্বে যানবাহনের নিবন্ধন ফি ও কর আদায়ে অনলাইন ব্যবস্থা চালু করতে হবে। বিআরটিএ'র এই অনলাইন কর আদায় ব্যবস্থা বিলম্বিত করতে একটি মহল চেষ্টা করছে।"
ডাক বিভাগের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতির বদলে বিআরটিএ ২০০৮ সালের জুনে আনলাইনে নিবন্ধন ফি ও কর আদায়ের প্রক্রিয়া শুরু করে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের এ প্রকল্প অনিশ্চিত হয়ে পড়ে বলে বিআরটিএ কর্মকর্তারা জানান।
বর্তমানে যানবাহন মালিকদের নিবন্ধন ফি ও কর পরিশোধ করতে ডাক বিভাগে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। কাউন্টারে ডাক বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা যানবাহন মালিকদের প্রাপ্তি রশিদ দিলেও তা লেজার বইয়ে নথিভুক্ত না করে সেই অর্থ ভাগাভাগি করে নেয়।
অনলাইন ব্যবস্থা চালু হলে যানবাহন মালিকরা নির্ধারিত ব্যাংকের শাখায় নিবন্ধন ফি ও কর পরিশোধের সুযোগ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে তা সরকারি কোষাগারে জমা হবে। সেইসঙ্গে কর পরিশোধকারীরা বিআরটিএ'র অ্যাকাউন্টে ফি/কর জমা হয়েছে কি না তাও অনলাইনেই দেখতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২১৩৪ ঘ.
bdnews24