ফেনী, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি ও সাতক্ষীরার পর বিডিআর বিদ্রোহের বিচার ফেনীতে শুরু হবে আগামী রোববার।
জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করে অবস্থিত ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিশেষ আদালতে ব্যাটালিয়নের ৬৪ সদস্যের বিচার হবে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানান।
রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে ব্যাটালিয়নের এসব সদস্য একাত্মতা প্রকশা করায় তাদের বিরুদ্ধে দাগনভূঞা থানার তৎকালীন ওসি সুভাষ চৌধুরী বাদী হয়ে মামলা করেন।
গত ১৪ মে আটক করে ফেনীর বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা ফেনী কারাগারে আছেন।
এর আগে ২৪ নভেম্বর রাঙ্গামাটি এবং ৭ ডিসেম্বর সাতক্ষীরায় বিচার কাজ শুরু হয়।
ফেনীর ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিচার কাজ পরিচালনা করবেন। তার সঙ্গে থাকবেন কুমিল্লা সেক্টরের লেফটেন্যান্ট কর্নেল জামান ও মেজর মাকসুদ।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন অ্যাটর্নি জেনারেল মনোনীত একজন প্রতিনিধি ও দু'জন সরকারি কৌঁসুলি।
লে. কর্নেল সালাউদ্দিন আরো জানান, তিনি প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন।
অভিযুক্ত বিডিআর সদস্যরা আইনজীবী বা কোনো বিডিআর কর্মকর্তার কাছ থেকে আইনি পরামর্শ নিতে পারবেন। তবে তাদের আইনজীবী আদালতে উপস্থিত থেকে আইনি লড়াই করতে পারবেন না।
বিডিআর কর্মকর্তা বলেন, ফেনীতে বিশেষ আদালত গঠনের কাজ শেষ হয়েছে। বিচার কাজ চলাকালে সেনাবাহিনী মোতায়েন থাকবে। প্রয়োজনে তাদের ডাকা হবে।
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়নে কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। ওই সময় জায়লস্করের ১৯ রাইফেলস ব্যাটালিয়নের কিছু সদস্যও ফাঁকা গুলি ছোঁড়ে ও ফেনী-মাইজদী সড়ক অবরোধ করে বিদ্রোহে যোগ দেয়।
বিডিআর আইনে বিদ্রোহের বিচারে ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। এ সব মামলায় অন্তত সাড়ে তিন হাজার সদস্যের বিচার হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24