২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ভারত সফর ১০ জানুয়ারি হতে পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ১০ জানুয়ারি শুরু হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ১০ জানুয়ারি শুরু হতে পারে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। আগামী ১৯ ডিসেম্বর তিন দিনের সফরে শেখ হাসিনার দিল্লি যাওয়ার কথা ছিল। তবে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওই সফর বাতিল করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পদের ওই কর্মকর্তা বলেন, "আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যেতে পারবেন কিনা- দেশটির পক্ষ থেকে এ প্রস্তাব পাওয়া গেছে।" "তবে ভারতকে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি," বলেন ওই কর্মকর্তা। সফরের মেয়াদের ব্যাপারে দুই দেশের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধে কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে যাবেন বলে শেখ হাসিনার সফর পিছিয়ে দেওয়া হয় বলে খবর প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফর প্রতিবেশি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এ সফরে দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি হওয়ার কথা। বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছে দুই দেশের এই শীর্ষ নেতার মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষর হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২০১৮ঘ.