২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ জেএমবি সদস্যের কারাদণ্ড

বিস্ফোরক মামলায় চট্টগ্রামে জেএমবি (জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ) কমান্ডার জাভেদ ইকবালসহ ৩ জঙ্গিকে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক মামলায় চট্টগ্রামে জেএমবি (জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ) কমান্ডার জাভেদ ইকবালসহ ৩ জঙ্গিকে কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম মঙ্গলবার বিকালে এ রায় ঘোষণা করেন। ২০০৫ সালের ১৩ ডিসেম্বর নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকায় আফজল আলী মুন্সীর ভাড়া ঘর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জেএমবি সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় ওই মামলা দায়ের করা হয়। রায়ে জেএমবি কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদকে ২০ বছর, নাইমুজ্জামান ওরফে জাফরকে ও রফিকুল ইসলাম ওরফে জাহেদকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত সব জঙ্গিই বর্তমানে কারাগারে আটক রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি জেএমবি'র বোমা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে খালাস দেওয়া হয়। তবে সে বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছে। এছাড়া ইতিপূর্বে ফাঁসির রায় কার্যকর হওয়ায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই ও আতাউর রহমান সানিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। তিনি বলেন, ২০০৬ সালের ১১ মার্চ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল এবং এ বছরের ১৬ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। ২০০৫ সালের ১৩ ডিসেম্বর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকার আফজল আলী মুন্সীর ভাড়া বাসা থেকে জাভেদ ইকবাল ও নাইমুজ্জামানকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে। ১৫ ডিসেম্বর পাহাড়তলী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৩৯ ঘ.