২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনাতন ও বৌদ্ধ ধর্মীয় শিক্ষকদের দুর্দশা লাঘবের সুপারিশ

দেশের সনাতন ও বৌদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সনাতন ও বৌদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে কমিটির এক বৈঠকে এ সুপারিশ জানানো হয়। মাদ্রাসার মতো অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষার মূল ধারায় আনার সুপারিশ করা হয়েছে বলে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান। সরকারি হিসাবে, দেশে সনাতন ধর্মের ১১৯টি সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান এবং বৌদ্ধ ধর্মীয় ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই সব প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা অত্যন্ত কম। একজন শিক্ষকের মাসিক বেতন দেড়শ টাকা। শিক্ষকদের দুর্দশা লাঘবে সংস্কৃত ও পালি শিক্ষক সমিতি গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। সংসদীয় কমিটির সদস্য বীরেন শিকদার সাংবাদিকদের জানান, তিনি শিক্ষকদের দুর্দশার বিষয়টি বৈঠকে তুললে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ তা লাঘবের আশ্বাস দেন। কমিটির সদস্য মওদুদ আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৭৪৫ ঘ.