২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার অপহৃত ১২ জেলে উদ্ধার হয়নি

সাগরে মাছ ধরে ফেরার সময় অপহৃত বরগুনার ১২ জেলে মঙ্গলবারও উদ্ধার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

বরগুনা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে মাছ ধরে ফেরার সময় অপহৃত বরগুনার ১২ জেলে মঙ্গলবারও উদ্ধার হয়নি। শনিবার সন্ধ্যায় বাগেরহাট-বরগুনার পাথরঘাটার মধ্যবর্তী মান্দারবাড়ি উপকূলে জলদস্যু আব্বাস বাহিনী চারটি মাছ ধরার ট্রলারে হামলা চালায়। তারা মাছ, জ্বালানি তেল, ট্রলার ইঞ্জিনের যন্ত্রাংশ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। যাওয়ার সময় অপহরণ করে এই ১২ জেলেকে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এফবি পূর্নিমা, ভাই ভাই-২, অলি ও এফবি সেন্টু নামের ট্রলার চারটিতে হামলা চালায়। তিনি বলেন, "দস্যুরা ১২ জেলেকে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে।" অপহৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পাথরঘাটার কামাল হোসেন (৩০), আইউব আলী (৩৫), বেলাল হোসেন (২৫), কবির হোসেন (৩৪) ও সেন্টু (৩২)। দস্যুদের কবল থেকে ফিরে আসা জেলে হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলেদের মুক্তির বিনিময়ে ১২ লাখ টাকা চেয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আব্বাস বাহিনী। তবে এ সময়ের মধ্যে জেলেদেরকে মুক্ত করে আনা যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে সেটাও জানা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৩৪ ঘ.