সিরাজগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পূর্ব থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন বাড়িয়ে সুফল মিলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে পূর্বাঞ্চল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০০৪-০৫ অর্থবছরে 'দ্বিতীয় পূর্ব-পশ্চিম বৈদ্যুতিক আন্তঃসংযোগ প্রকল্প'র কাজ শুরু হয়; শেষ হয় ২০০৭-০৮ অর্থবছরে।
চলতি বছরের ফেব্র"য়ারি মাস থেকে এ আন্তঃসংযোগ গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
পাওয়ার অ্যান্ড গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি))-এর পরিচালক প্রকৌশলী মোজাম্মেল হোসেন সোমবার সাংবাদিকদের জানান, আশুগঞ্জ-সিরাজগঞ্জ ইন্টার কানেক্টর প্রকল্প বাস্তবায়নের ফলে প্রথম পাঁচ মাসেই সিস্টেম লস কমে ২২ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
তিনি বলেন, "এ প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য এসেছে। কমেছে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা।"
উত্তর ও পশ্চিমাঞ্চলে কৃষি খাত এ প্রকল্পের সুবিধা ভোগ করছে, বলেন মোজাম্মেল।
ঢাকায় এডিবির আবাসিক প্রতিনিধি পল জে হেটেনস ও পিজিসিবি কর্মকর্তারা সোমবার সিরাজগঞ্জে প্রকল্পের কাজ দেখেন।
মোজাম্মেল হোসেন জানান, শুরুতে এ গ্রিডের সঞ্চালন ক্ষমতা ৪০০ মেগাওয়াট থাকলেও দ্বিতীয় ধাপে তা ১১০০ মেগাওয়াটে উন্নীত হয়।
"এতে সিস্টেম লস ৩ দশমিক ৫৩ থেকে কমে ৩ দশমিক ২৩ এ নেমে আসে। সাশ্রয় হয় প্রায় ২২ কোটি টাকা মূল্যের ৭৫ মিলিয়ন কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ।"
পিজিসিবি'র ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বলেন, "এ ইন্টার কানেক্টরের ফলে গত মৌসুমে উত্তর ও পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ভোল্টেজের উঠানামার কারণে বারবার কৃষকদের মটর পুড়ে যেত, তা থেকেও রক্ষা পাওয়া গেছে।"
বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা নিরসনে আরো সহায়তার আশ্বাস দিয়ে পল হেটেনস বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে এডিবি দীর্ঘদিন ধরে কাজ করছে। বর্তমানে ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর একটি কাজ চলছে।
আগামী এক দেড়-বছরের মধ্যে তা জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়াতে পাইপলাইন তৈরিসহ এ খাতে আরো ৩০ কোটি ডলার বিনিয়োগের আশ্বাসও দেন তিনি।
পল বলেন, "২০১১ সালের মধ্যে এ খাতে বিদ্যুতের উন্নয়নে আরো কিছু প্রকল্পে সহায়তা করবো। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।"
'দ্বিতীয় পূর্ব-পশ্চিম বৈদ্যুতিক আন্তঃসংযোগ প্রকল্প'র ব্যয় ধরা হয়েছিল ৩৬১ কোটি টাকা। কিন্তু এতে খরচ হয় ৩৩৬ কোটি টাকা। এর মধ্যে সরকার দেয় ১১৯ কোটি টাকা আর বাকিটা দেয় এডিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24