২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের জন্য প্রস্তুত স্মৃতিসৌধ

বিজয় দিবস সামনে রেখে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ নানা প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। স্মৃতিসৌধকে ঘিরে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

সাভার, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস সামনে রেখে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ নানা প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। স্মৃতিসৌধকে ঘিরে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মহিদুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে চলেছে ধোয়ামোছা, পরিস্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ। সৌধের বিভিন্ন ধাপে আঁকা হয়েছে আল্পনা। বিভিন্ন পালায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী দিনরাত একযোগে কাজ করে ধোয়ামোছা শেষ করেছে বলে তিনি জানান। এদিকে স্মৃতিসৌধকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ইকবাল বাহার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য আনা হয়েছে সাভারে। তিনি বলেন, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সোমবার থেকে স্মৃতিসৌধের নিয়ন্ত্রণ নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যদের পুষ্পার্ঘ্য অর্পণের পরপরই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্যে খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এ ছাড়া যানজট এড়াতে পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে স্মৃতিসৌধের বাইরে পুরো সাভার পরিণত হয়েছে তোরণের নগরীতে। বিজয় দিবসের সাফল্য কামনা করে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছে ৭০টি তোরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৬ ঘ.