বগুড়া, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, উপরের নির্দেশ আছে- এ কথা বলা যাবে না।
তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল কিংবা মোটামুটি ভাল হলে হবে না। পরিস্থিতি খুবই ভাল করতে হবে। দেশকে সমৃদ্ধ ও গণতন্ত্র উত্তোরণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর বিকল্প নেই।"
সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবার উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসের উৎপত্তি কোথায় তা চিহ্নিত করতে হবে। সন্ত্রাসী কোনো ঘটনা ঘটলে দোষী ব্যক্তি কোন দলের এটা ভাবলে হবে না। আগে তাকে গ্রেপ্তার করতে হবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ গণতন্ত্র ও উন্নয়নের গতিকে নস্যাৎ করে এ কথা জানিয়ে শামসুল হক বলেন, "পাকিস্তানে আজ মসজিদেরও নিরাপত্তা নেই। সেই সংস্কৃতি যেন আমাদের দেশে না ঢুকে সেজন্য সজাগ থাকতে হবে।"
সভায় বগুড়ার জোগারপাড়ায় এক ট্রাক গুলি ও বিস্ফোরক উদ্ধার মামলার বিষয়টি উত্থাপন না করায় ক্ষোভ করেন প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া-১ আসনের সাংসদ আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সাংসদ মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবীর প্রমুখ।
বিকালে প্রতিমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীতে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করেন।
এছাড়া গাবতলী উপজেলা মিলনায়তনে কৃষকলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24