২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশবাসী সোমবার স্মরণ করছে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় সহযোগীদের হাতে নিহত অসংখ্য শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ পেশাজীবীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 04:37 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশবাসী সোমবার স্মরণ করছে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় সহযোগীদের হাতে নিহত অসংখ্য শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ পেশাজীবীদের। সকাল সাতটায় রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা শুরু করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকাল আটটায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ স্মৃতিসৌধসহ বুদ্ধিজীবী নিধনযজ্ঞস্থল রায়েরবাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে। নয় মাসের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী তাদের এদেশীয় দোসর আল-বদর, রাজাকারদের সহায়তায় অসংখ্য পেশাজীবীকে তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থান থেকে তাদের বিকৃত লাশ উদ্ধার করা হয়। অনেক লাশের সন্ধানই পাওয়া যায়নি। দিবস পালন উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন শুরু করেছে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ পালন করছে চার দিনব্যাপী কর্মসূচি। আওয়ামী লীগ সোমবার সকাল সাড়ে সাতটায় দলের কেন্দ্রীয় এবং সারাদেশের সব কার্যালয়ে কালো পতাকা, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা অর্ধনমিত করে। এরপর আটটা দশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে আটটায় রায়ের বাজার বধ্যভূমি, নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেয়। বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে আলোচনা সভা। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। সেক্টর কমান্ডারস ফোরাম বিকেল চারটায় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি দেবে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানব বন্ধন করবে। রাজধানীতে নিরাপত্তার জন্য ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বাণী রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বুদ্ধিজীবীরা জাতির বিবেক হিসেবে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্র্র্রদায়িক দেশ গড়ে তোলার আহ্বান জানান। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তার বাণীতে বলেছেন, হানাদার বাহিনী সেরা সন্তানদের হত্যার মাধ্যমে উন্নয়ন অগ্রগতি বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/জিএনএ/১০৩৪ঘ.