২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিস্ফোরণে নর্দমার ২শ' গজ ধ্বসে গেছে

কক্সবাজার শহরে রোববার রাতে 'রহস্যময় বিস্ফোরণে' একটি কংক্রিটের নর্দমার কমপক্ষে ২০০ গজ অংশ ধ্বসে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরে রোববার রাতে 'রহস্যময় বিস্ফোরণে' একটি কংক্রিটের নর্দমার কমপক্ষে ২০০ গজ অংশ ধ্বসে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কংক্রিটের নর্দমার অধিকাংশ ঢাকনা উড়ে যায়। এ সময় লোকজন আতংকে ছোটাছুটি শুরু করেন। নর্দমায় তৈরি হওয়া 'গ্যাস' এ বিস্ফোরণের কারণ বলে পুলিশ ধারণা করছে। প্রত্যক্ষদর্শী শহরের এন্ডারসন সড়কের কবির মার্কেটের দোকান কর্মচারি জালাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ হয়। ওইসময় কবির হকার মার্কেট ও জহুর হকার মার্কেটের সামনের নর্দমার প্রায় দু'শ গজ অংশ ধ্বসে পড়ে।" বিস্ফোরণের পর নর্দমার বিভিন্ন স্থানে আগুনের ফুলকি দেখা যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় আছন্ন হয়ে পড়ে বলেও জানান জালাল। আরেক প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ এতো বিকট ছিল যে মার্কেটের দোকানদার-কর্মচারি ও সাধারণ ক্রেতারা যে যেদিকে পারেন ভয়ে দৌঁড়াতে শুরু করেন।" কক্সবাজার থানার উপ-পরিদর্শক ফয়েজুর রহমান বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ড্রেনের কোথাও বাতাস বেরোবার ব্যবস্থা নেই। বদ্ধ ড্রেনে 'গ্যাস' সৃষ্টি হয়ে হয়তো কোনো অংশে আগুনের স্পর্শ পেয়ে বিস্ফোরণ ঘটেছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০০৩ ঘ.