২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

বেতনে জাল টাকা দেওয়ার অভিযোগে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রোববারও কর্মবিরতি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

গাজীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনে জাল টাকা দেওয়ার অভিযোগে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রোববারও কর্মবিরতি পালন করেছে। 'এভার গ্রীন' সোয়েটার কারখানার শ্রমিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার নিটিং শাখার শ্রমিকদের বেতনে ৩৭ হাজার জাল টাকা দেওয়া হয়। এ নিয়ে শনিবার কারখানার নিটিং শাখার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) সাহেব আলী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দনা চৌরাস্তার এক্সিম ব্যাংক শাখা থেকে টাকা তুলে গত বৃহস্পতিবার নিটিং শাখার ৩৫০ জন শ্রমিককে বেতন দেওয়া হয়। এর মধ্যে ৩০ জন শ্রমিক ৩৭ হাজার জাল টাকা পেয়ে কারখানায় এসে ফেরত দেয়। ফেরত দেওয়া অর্থের সবই ছিল পাঁচশ' টাকার নোট। পরে ওই ব্যাংক থেকে টাকা বদলে এনে রোববার বিকেলে শ্রমিকদের দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয় বলে তিনি দাবি করেন। তবে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোলায়মান মৃধা জাল টাকা দেওয়া বা বদলে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, "এভার গ্রীন কারখানার হিসাব রক্ষক ইলিয়াসুর রহমান চৌধুরীর উত্তোলন করা ৮ লাখ টাকার সবই ছিলো আসল।" জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কিন্তু কোনো পক্ষই এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২৫০ ঘ.