২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক হত্যার বিচার দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি

মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষকদের হত্যার বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষকদের হত্যার বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি চত্ত্বরে সম্মিলিত ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়। 'রক্তে রাঙা বিজয় আমার' শীর্ষক চারদিনব্যাপী বিজয় উৎসবের প্রথম দিনে মুক্তিযুদ্ধে শিক্ষক হত্যাকারীসহ সব যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন। গোটা স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধের পূর্বে আন্দোলন সংগঠনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছিল সামনের সারিতে। এসব কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানীদের অন্যতম টার্গেটে পরিণত হয়েছিল।" বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে তাদের বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরুর দাবি করেন উপাচার্য। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক রফিকউল্লাহ খান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, দর্শন বিভাগের অধ্যাপক একেএম হারুনার রশীদ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহজাহান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আল আমিন চৌধুরী সুমন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচির সম্মিলিত আয়োজনে রয়েছে স্লোগান '৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, সাংস্কৃতিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্পন্দন '৭১, প্রভাতফেরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি, বাংলার মুখ, জয়ধ্বনি ও ব্যাকবেঞ্চার। চারদিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর বিকাল ৩টায় টিএসসি চত্ত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে স্থাপনা শিল্প। ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় টিএসসি সড়ক দ্বীপে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭ টায় টিএসসি চত্ত্বরে ফানুস উড্ডয়ন ও রাত ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আতশবাজি প্রজ্জলন। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় টিএসসি চত্ত্বরে রাজাকারদের ব্যঙ্গচিত্রে 'ডার্ট' নিক্ষেপ, বিকাল ৪টায় একই স্থানে বিজয় মুহূর্ত উদযাপন এবং সন্ধ্যা ৭ টায় মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র 'একাত্তরের শব্দসেনা' প্রদর্শনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৩০ঘ.