ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কূটনৈতিক দায়িত্ব পালন শেষে আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ খবর দিয়েছে।
পিনাক রঞ্জনের স্থলাভিষিক্ত হচ্ছেন রজিত মিটার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক জানান, আগামী ২৬ ডিসেম্বর নতুন ভারতীয় হাই কমিশনারের ঢাকা আসার কথা। (আরো আসছে)
রোববার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "তারা (ভারতীয় হাই কমিশন) আমাদের জানিয়েছে যে তিনি (পিনাক রঞ্জন চক্রবর্তী) আগামী ২০ ডিসেম্বর চলে যাচ্ছেন। আর ২৬ ডিসেম্বর নতুন ভারতীয় হাই কমিশনারের ঢাকা আসার কথা।"
ভারতীয় বাঙালি পিনাক রঞ্জন চক্রবর্তী ২০০৭ সালের জানুয়ারিতে বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব পালনকালে বাংলাদেশ সম্পর্কে 'কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত" মন্তব্য করায় তিনি বিএনপি ও তার মিত্রদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এ বছর এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উপস্থিতিতে পিনাক রঞ্জন প্রধান বিরোধী দল বিএনপি ও এর মিত্রদের রাজনীতি সম্পর্কে কিছু 'আপত্তিকর' মন্তব্য
করেন।
প্রধান বিরোধী দল এর প্রতিবাদে পিনাক রঞ্জনকে বাংলাদেশ থেকে প্রত্যাহারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাতে সরকারের প্রতি দাবি জানায়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি বাংলাদেশে ভারতের চাল রপ্তানি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার আমলেই ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস 'মৈত্রী এক্সপ্রেস' চালু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২১২৮ ঘ.
bdnews24