২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

খুলনা নগরীর পূর্ব বানিয়া এলাকা থেকে একটি দেশি রিভলবার ও একটি শাটারগানসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

খুলনা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর পূর্ব বানিয়া এলাকা থেকে একটি দেশি রিভলবার ও একটি শাটারগানসহ একজনকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে তৈয়েবুর রহমান মামুনকে (২৮) আটকের পর জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী তার বাসা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। মামুন পূর্ব বানিয়া এলাকার মোকাদ্দেছ হোসেনের ছেলে। র‌্যাব-৬ এর কর্মকর্তা ক্যাপ্টেন মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২ টার দিকে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে অস্ত্রসহ তাকে থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, মামুনকে খুলনা মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে নেওযার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.