২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহ সদর উপজেলায় রোববার দুপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 08:24 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ সদর উপজেলায় রোববার দুপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপ ভ্যান ও বাসের অন্তত ২০ যাত্রী। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। এর মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দার রুবেল (২৫), দুলাল (৪০), ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের আব্দুল হাই (৪৫), কান্দানিয়ার আব্দুল মালেক (৪০), ত্রিশালের চকপাচঁপাড়া গ্রামের শাহজাহান (৩২) ও ময়মনসিংহ শহরের জিলা স্কুল রোডের উসকেন্দ্র চক্রবর্তী (২৫)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। উপজেলার জামতলী নামক স্থানে দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এএসএম আক্তারুজ্জামান জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে জামালাপুরগামী একটি বাসের সঙ্গে ত্রিশালগামী পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।" দুর্ঘটনাস্থলেই চারজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং ভর্তির পর আরো দুজন মারা যান। পুলিশ ও স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের আহত নয় যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহত বাসযাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানান। তিনি জানান, পুলিশ বাসটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এফএফ/এমএসবি/২০৩০ ঘ.