কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে যানবাহনের কর আদায়ের প্রক্রিয়া এক প্রকার স্থবির হয়ে আছে। দেড় বছর আগে নেওয়া বিআরটিএ এর এই উদ্যোগ চূড়ান্ত হতে আরও কয়েকধাপ পার হতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তারা জানান, অনলাইন ব্যবস্থা চালু করতে আগ্রহী বিভিন্ন সংস্থার জমা দেওয়া দরপত্রের মূল্যায়ন এখনো শেষ হয়নি।
কিন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এর পাওয়া তথ্যে দেখা যায়, মূল্যায়ন কমিটির প্রধান ও বিআরটিএ পরিচালক রফিকুল ইসলাম ইতিমধ্যে দরপত্র মূল্যায়ন শেষে চূড়ান্ত প্রতিবেদন সংস্থার চেয়ারম্যান মো. এহসানুল হকের কাছে এ বছরের ২৮ অক্টোবর জমা দিয়েছেন।
বিআরটিএ কর্তৃপক্ষ গত বছরের জুন মাসে যানবাহনের কর আদায়ের প্রচলিত পদ্ধতির পরিবর্তে অনলাইন ব্যবস্থা চালুর জন্য দরপত্র আহবান করেছিল। প্রচলিত পদ্ধতিতে কর আদায়ে কমপক্ষে একশ কোটি টাকা দুর্নীতি হয় বলে একটি অনুসন্ধানে বেরিয়ে আসার পরই এ পদক্ষেপ নেওয়া হয়।
অনলাইন পদ্ধতি চালুর সঙ্গে যুক্ত বিআরটিএ পরিচালক হুমায়ুন রাশিদ খলিফা বলেন, কর আদায়ের ঝামেলা ও জটিলতা থেকে নাগরিকদের মুক্তি দিতে এবং প্রচলিত পদ্ধতির অস্বচ্ছতা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
অনলাইন পদ্ধতি চালু হলে যানবাহনের মালিকরা কর নির্দিষ্ট ব্যাংকে প্রদান করবে। তারা যেদিন টাকা জমা দেবে সেদিনই তা বিআরটিএ'র হিসাবে স্থানান্তরিত হবে। করদাতা ব্যক্তি সহজেই জানতে পারবেন তাদের প্রদেয় কর বিআরটিএ খাতে এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে কি না।
বর্তমানে যানবাহন মালিকদের ডাকঘরে গিয়ে লম্বা লাইনে দাঁড়িযে দীর্ঘ সময় অপেক্ষার পর কর পরিশোধ করতে হয়। এ নিয়ে নানা ভোগান্তিতেও পড়তে হয় তাদের।
বিআরটিএ'র চেয়ারম্যান এহসানুল হক প্রায় একমাস আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এ সংক্রান্ত দরপত্রের মূল্যায়ন শেষ হয়নি।
তখন তিনি বলেছিলেন, এক থেকে দুই দিনের মধ্যে এ প্রক্রিয়া চূড়ান্ত হবে।
বৃহস্পতিবার এ বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।
মূল্যায়ন কমিটির প্রধান রফিকুল ইসলাম বলেন, প্রস্তাবগুলো এখনও আমরা মূল্যায়ন করছি। বর্তমানে এর চেয়ে বেশি আমি কিছু জানাতে পারব না।
তার পূর্বসূরি হুমায়ুন রশিদ খলিফা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের জুন মাসে আমার সময়ে অনলাইন পদ্ধতিতে কর সংগ্রহের উদ্যোগ শুরু হয়েছিল। এখন কেন এত দেরি হচ্ছে তা বলতে পারব না।"
খলিফা বলেন, ডাকঘর কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা ও কর্মচারীর এ খাতে বিপুল দুর্নীতির বিষয়টি ধরা পড়ার পর বিআরটিএ কর্তৃপক্ষ কর এবং নিবন্ধনের প্রক্রিয়া অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছিল।
২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে সংঘটিত এ সংক্রান্ত দুর্নীতির কারণে ডাকঘরের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারি চাকরি হারিয়েছিল।
সাবেক ওই পরিচালক আরও বলেন, ডাকঘরের ওই কর্মকর্তা ও কর্মচারীরা যানবাহন মালিকদের কাছ থেকে করের অর্থ নিয়ে রশিদ প্রদান করেছিলেন। কিন্তু তা সংশ্লিষ্ট বইতে নিবন্ধন করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএ'র এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআরটিএ'র এ সংক্রান্ত মূল্যায়ন কমিটি এ বছরের ৩০ এপ্রিল দুটি যোগ্য প্রতিষ্ঠানের মধ্যে একটিকে বাছাই করে চূড়ান্ত করে প্রতিবেদন তৈরি করেছে।
তিনি বলেন, চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদনটি বর্তমানে চেয়ারম্যানের টেবিলে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নিয়মানুযায়ী চেয়ারম্যানের অনুমোদন পেলে প্রতিবেদনটি যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্রয় সংক্রান্ত কমিটিতে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএজেড/আরএআর/এমআই/১৩০০ ঘ.
bdnews24