২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় তিন খুন, এক লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার দুপুরে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী। সরাইলে আরেক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার দুপুরে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী। সরাইলে আরেক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় প্রতিবেশীর মারধরে আহত এক মুক্তিযোদ্ধা রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গাইবান্ধা সদর উপজেলায় চারদিন আগে নিখোঁজ এক শিশুর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নবীনগর উপজেলার আলেয়াবাদ গ্রামে কলহের জেরে দুপুর ১২টার দিকে হত্যা করা হয় গৃহবধূ শামীমা আক্তারকে (২৮)। নবীনগর থানার ওসি রূপক সাহা জানান, হত্যাকাণ্ডের পর স্বামী শরিফুল ইসলাম (৩৫) পালিয়ে গেছেন। তাদের তিনটি সন্তান রয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চানপুর গ্রামে গৃহবধূ সালমা বেগমকে (২৯) শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিয়োগ করেছেন তার ভাই। সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা জানান, দুুপুরে ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি জানান, নিহত সালমার ভাই লিটন মিয়া থানায় মামলা করেছেন। মামলার আর্জিতে বলা হয়, শ্বশুরবাড়ির লোকজন সালমাকে হত্যা করেছে। অপরদিকে নিহতের স্বামী নজরুল ইসলামের ভাই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সালমা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ওসি জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ছেঁড়া জাল মেরামত নিয়ে শহরের আদর্শপাড়ায় খুন হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৬২)। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শোনিত কুমার গায়েন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জাল মেরামত নিয়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আলী আহমেদের ছেলে নাসিরের সঙ্গে খালেকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খালেককে মারধর এবং দেয়ালে মাথা ঠুকে দেন নাসির। আহত খালেককে প্রথমে শহরের আল ফালাহ ক্লিনিকে ভর্তি করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এসআই শোনিত কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল করে শনিবার ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। গাইবান্ধা প্রতিনিধি জানান, সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সরদার পাড়ার নাজিম উদ্দিন মণ্ডলের ছেলে মারুফ বিল্লাহ'র লাশ শনিবার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির ঘাড় ভাঙ্গা ও মুখে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারুফ বুধবার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে শুক্রবার নাজিম উদ্দিন একটি অপহরণ মামলা করেন। মামলায় উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের ফুল মিয়াসহ দুজনকে আসামি করা হয়। ওসি জানান, ওই দিনই ফুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব শত্র"তার জের ধরে শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২১০ ঘ.