নাটোর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই নাটোরের নারদ নদ খনন শনিবার শুরু হয়েছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে ১০ কোটি টাকা ব্যয়ের নদী খননের এই প্রকল্প কোনো কাজে আসবে না বলে মনে করেন এলাকাবাসী।
নাটোরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় জানায়, ১৯৭৪ সাল থেকে নাটোরবাসী নারদ নদ খননের দাবি জানিয়ে আসছেন। প্রতিটি সরকারই দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তবে সর্বশেষ গত তত্ত্বাবধায়ক সরকার নারদ নদ খনন প্রকল্প হাতে নেয় এবং অর্থ বরাদ্দ দেয়।
২০০৮-২০০৯ অর্থ বছরে চার কোটি টাকা ব্যয়ে নারদ নদের উৎসমুখসহ (বড়াল নদী) ১৭ কিলোমিটার খনন করা হয়।
শনিবার ৫ কোটি টাকা ব্যয়ে নারদের মূল অংশের খনন কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় নাটোর শহর থেকে ভাটিতে ১৯ কিলোমিটার খনন করা হবে।
পরবর্তী অর্থবছরে এক কোটি টাকা ব্যয়ে বাকি তিন কিলোমিটার খনন করা হবে।
নদের বিরাট অংশ দখল করে লোকজন বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। এই প্রকল্পে তা উচ্ছেদের ব্যবস্থা রাখা হয়নি।
এছাড়া স্থানীয় সরকার বিভাগ নারদের চাঁদপুর ও কাফুরিয়া গ্রামের ছোট ছোট বক্স কালভার্ট ও আড়াআড়ি বাঁধ নির্মাণ করে রাখায় পানি প্রবাহ বন্ধ রয়েছে।
গত অর্থবছরে চার কোটি টাকা খরচ করা হলেও এসব বাধা অপসারণ করা হয়নি। এ কারণে গত বর্ষায় নারদ নদে বন্যার পানি প্রবেশ করতে পারেনি। পানির প্রবাহ না থাকায় নারদ আরও ভরাট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী মুসানিনুর রহমান সাংবাদিকদের বলেন, লোকজন যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে সেগুলো উচ্ছেদে এই প্রকল্পে কোনো বরাদ্দ নেই। প্রকল্পটি শুধু নদ খননের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয়হীনতার কারণে বক্স কালভার্টসহ বিভিন্ন ধরণের স্থাপনা নির্মিত হয়েছে। এসব সমস্যা দূর করারও বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে।
নাটোরের প্রবীণ সাংবাদিক মাহফুজুর রহমান বলেন, নারদ নদ খনন নাটোরবাসীর প্রাণের দাবি। মূল শহরের মধ্য দিয়ে প্রবাহিত এই নদী ভরাট হয়ে যাওয়ায় শহরের পানি নিষ্কাশন হচ্ছে না, মশার উপদ্রব বেড়ে গেছে।
এ অবস্থায় নদের মাঝের বাঁধ ও কালভার্ট অপসারণ না করে নদ খনন কোনো কাজে আসবে না বলে তিনি মনে করেন।
জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা একই মত পোষণ করেন।
শনিবার সকালে স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোর শহরের পাশে জংলী রেল ব্রিজের নিচ থেকে নারদ খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়হীনতার কারণে কিছু সমস্যা হয়েছে। আমি সমস্যা সমাধানের চেষ্টা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24