কুড়িগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে আহত এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার জয়মনিরহাট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ফুয়াদ (২৪) নামে বিএনপির এই কর্মী আহত হন।
শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুয়াদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের ছেলে।
ভূরুঙ্গামারী থানার ওসি মো. আবদুল মোনায়েম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিরাজের ভাইপো আমজাদ হোসেনের সঙ্গে বুধবার বিএনপি সভাপতি কাজী গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ঘটনাটি রাজনৈতিক বিবাদের রূপ নেয়। বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে লাঠির আঘাতে ফুয়াদ আহত হন।
ওসি জানান, ফুয়াদের মৃত্যুর ঘটনায় উত্তেজনা বিরাজ করায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.
bdnews24