ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে গত কয়েকদিনের মতো শনিবারও পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া-কাওড়াকান্দি পথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল বন্ধ ছিলো।
বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোরট ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
কুয়াশার কারণে পথ দেখতে না পারায় রাতে তিনটি ফেরি মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয় বলে আশরাফ উল্লাহ জানান। তবে সকালে কুয়াশা কাটার পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ আলী ও খানজাহান আলী ফেরি তিনটি গন্তব্যে পৌঁছে।
সাড়ে ১১টা ঘণ্টা পারাপার বন্ধ থাকায় দুই পাড়েই দেখা দিয়েছে ব্যাপক যানজট। প্রায় এক হাজার বাস ও ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শীতে দূরগামী এসব বাসের যাত্রীদের রাতে বেশ দুর্ভোগ পোহাতে হয়।
মাদারীপুর প্রতিনিধি জানান, কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথেও শুক্রবার রাত ১টা থেকে প্রায় ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। ফলে দুই ঘাটেই যানজট রয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
কাওড়াকান্দি ঘাটের ইজারাদার ইজারাদার আবু আলম হাওলাদার জানান, গত ৩ দিন ধরে মধ্যরাতে ঘনকুয়াশা পড়ায় প্রতিদিনই গড়ে ১০ ঘন্টা করে ফেরি চলাচল করছে। এর ফলে ঘাটে ট্রাক, বাস ও মাইক্রোবাসের জটের সৃষ্টি হচ্ছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, কুয়াশার কারণে মেঘনায় শনিবার রাতে যাত্রীবাহী ১৫টি লঞ্চ মাঝনদীতে নোঙর করে ছিলো। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী ও বিপরীতমুখী এসব লঞ্চ নির্দিষ্ট সময়ের প্রায় ছয়/সাত ঘণ্টা পর এসব লঞ্চ যাত্রাবিরতির জন্য চাঁদপুর ঘাটে ভিড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর বার্দিং সারেং গিয়াসউদ্দিন জানান, নদীতে প্রচুর কুয়াশা থাকায় দক্ষিণাঞ্চল থেকে চাঁদপুর ঘাট হয়ে ঢাকা এবং চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চগুলো ধীরে ধীরে চলছে। পথে বিভিন্ন স্থানে লঞ্চগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২০ ঘ.
bdnews24