সিলেট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ-ভারত 'সীমান্ত হাট' এর স্থান পরিদর্শন করেছেন দুই দেশের কর্মকর্তারা।
শুক্রবার দুপুরে গোয়াইনঘাট সীমান্তের সোনারহাট বিডিআর ফাঁড়ির কাছে বাংলাদেশের সীমানায় একটি স্থান তারা হাটের জন্য বাছাই করেন বলে স্থানীয় একজন সাংবাদিক জানান।
বিভিন্ন সীমান্তে যৌথ হাট স্থাপনে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এ ব্যাপারে চুক্তি হতে পারে বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ডিসেম্বরের মাঝামাঝি প্রধানমন্ত্রীর দিল্লি সফরের কথা থাকলেও ভারতের অনুরোধে তা পেছানো হয়েছে।
১৯৭৪ সালের আগে বাংলাদেশ-ভারত সীমান্তে কয়েক হাট চালু ছিল।
স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদেশের কর্মকর্তারা সোনারহাট বিডিআর ফাঁড়ি সংলগ্ন ১২৬৭ নম্বর সীমান্ত পিলারের পার্শ্ববর্তী বাংলাদেশ ভূখণ্ডের একটি জায়গা হাটের জন্য বাছাই করেন।
দুদেশের কর্মকর্তাদের মধ্যে ছিলেন- ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্য) সুশীল সিংহাল, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী সচিব খায়রুজ্জামান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব দীন মোহাম্মদ এমদাদুল হক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব খন্দকার হাসনাত তারিক।
এছাড়া স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিলেটের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টটর) সুব্রত কুমার দে বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদেশের কয়েকজন কর্মকর্তা 'সীমান্ত হাট' এর জন্য গোয়াইঘাটে সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24