২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব আইনের বাইরে কোন কাজ করছে না: মহাপরিচালক

র‌্যাব আইনের বাইরে কোন কাজ করছে না বলে মন্তব্য করেছেন এলিট বাহিনীটির মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 06:42 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব আইনের বাইরে কোন কাজ করছে না বলে মন্তব্য করেছেন এলিট বাহিনীটির মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। কথিত ক্রসফায়ার সম্পর্কে জিজ্ঞেস করা হলে বৃহস্পতিবার এ প্রসঙ্গে তিনি আরো বলেছেন, র‌্যাবের কার্যক্রমের ওপর তদন্ত করা হয়। এদিন র‌্যাব প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় র‌্যাবের 'ক্রসফায়ার' বা 'বন্দুকযুদ্ধের ঘটনায়' মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা- এ ব্যাপারে প্রশ্ন করা হলে র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, "র‌্যাব মানবাধিকার প্রশিক্ষণ নিয়েছে। তবে র‌্যাবের যে ত্র"টি-বিচ্যুতি হয় না তা বলা যাবে না। র‌্যাবের কার্যক্রমের ওপর তদন্ত করা হয়।" র‌্যাব আইনের বাইরে কোন কাজ করছে না দাবি করে মহাপরিচালক বলেন, একজন নিরপরাধ ব্যক্তি বা চিহ্নিত সন্ত্রাসীকে ধরে এনে মেরে ফেলা হচ্ছে- এ ধরণের কাজ র‌্যাব করছে না। তিনি র‌্যাব সদস্যদের অপরাধের কথা উল্লেখ করে বলেন, এ পর্যন্ত প্রায় সাড়ে ৭শ' র‌্যাব সদস্যকে তাদের অপরাধের জন্য সাজা পেতে হয়েছে। এর মধ্যে সাড়ে ৩শ' সদস্যকে চাকরিচ্যুত বা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। হাসান মাহমুদ জানান, নভেম্বরে সারাদেশে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' ৩ জন নিহত ও ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার কোনো হুমকি আছে কিনা সে প্রশ্ন করা হলে হাসান মাহমুদ বলেন, "যে কোনো ধরণের হুমকি মোকাবেলায় র‌্যাব সতর্ক রয়েছে।" সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং র‌্যাবের সন্ত্রাস ও অপরাধবিরোধী অভিযান সম্পর্কে আলোচনা হয়। বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মিজানুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সভায় র‌্যাব মহাপরিচালক বলেন, গত নভেম্বরে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি 'অনেক ভাল' ছিল। তিনি বলেন, "ঈদে ২/১টি ঘটনা ছাড়া তেমন কোন বড় ধরণের ঘটনা ঘটেনি।" র‌্যাবের একটি তদন্ত রিপোর্টের কথা উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, বিভিন্ন মাদকদ্রব্যের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। এ থেকে বোঝা যায় মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে বেশি। বিজয়ের মাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে- এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও 'থার্টি ফার্স্ট' নাইটে র‌্যাব ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৫৫ঘ.