ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় কোকো-৪ লঞ্চের দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
কমিটির প্রধান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান জয়ন্ত কুমার নন্দী বুধবার মন্ত্রী ও সচিবের দপ্তরে এ প্রতিবেদন জমা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
জয়ন্ত কুমার নন্দী জানান, মন্ত্রী শাজাহান খান বৈঠকে থাকায় তদন্ত প্রতিবেদনটি তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে নৌ-পরিবহন সচিবের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।
'নির্ধারিত সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম করে' প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
গত সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন কমিটি আরো তিনদিন সময় বাড়িয়ে নেয়।
তদন্ত প্রতিবেদনে কি রয়েছে জানতে চাইলে কমিটি প্রধান কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, "বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই মন্ত্রী নিজেই প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। এজন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।"
তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করতে গিয়ে কমিটি লঞ্চের নকশাসহ নানা ধরণের ত্র"টি পেয়েছে। এ দুর্ঘটনার জন্য তারা লঞ্চ কর্তৃপক্ষকেই দায়ী করেছে।
ঈদের আগের দিন গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১১টায় ভোলার লালমোহনে ঘটা ওই লঞ্চডুবিতে ৮৫ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর এবারই প্রথম দেশে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান ওই লঞ্চ কোম্পানির অন্যতম পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩০ঘ.
bdnews24