২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তিতে নারীর সমঅধিকারের পক্ষে প্রধানমন্ত্রী

সম্পত্তিতে নারীদের সমঅধিকারের পক্ষে জোরালো মত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিষয়টি বাস্তবায়নে তার একটি পরিকল্পনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তিতে নারীদের সমঅধিকারের পক্ষে জোরালো মত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিষয়টি বাস্তবায়নে তার একটি পরিকল্পনা রয়েছে। মুসলিম আইনে ছেলেরা বাবার সম্পত্তির পূর্ণ অধিকার ভোগ করলেও একমাত্র সন্তান নারী হলে তিনি সম্পত্তির পূর্ণ অধিকার পান না। এ বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বৃহস্পতিবার রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে বলেন, "এ নিয়ে আমার চিন্তা-ভাবনা রয়েছে, তা আমি যথাসময়ে প্রকাশ করবো; নইলে অনেক মহল শরিয়তের দোহাই দিয়ে নানা কিছু বলতে শুরু করবে। এটা নিয়ে যখন কাজ করা হবে তখনি জানতে পারবেন।" প্রধানমন্ত্রী একইসঙ্গে ইসলাম ধর্মের বিকাশে নারীর অবদানের কথা তুলে ধরে বলেন, "মুহাম্মদ (স.) এর ডাকে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন একজন নারী। ইসলামের প্রথম শহীদও একজন নারী।" নারীর ক্ষমতায়নে নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "গত সরকারের সময় আমরা নারী উন্নয়ন নীতিমালা করেছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের এতে কিছু সংশোধন করেছে। আমি তা আরো পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছি (সংশ্লিষ্টদের)।" উপমহাদেশে মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে প্রতিবছর ৯ ডিসেম্বর দেশে রোকেয়া দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নারীদের অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, "একশ বছর আগে নানা সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি যা চিন্তা করেছিলেন, তা আজও আমাদের সমাজের জন্য প্রযোজ্য। "মুসলিম নারী অগ্রযাত্রার পথিকৃৎ বেগম রোকেয়া। তার অবদান আজ আমরা ভোগ করছি।" 'যখনই কোনো ভগ্নি মস্তক উত্তোলনের চেষ্টা করছিলেন, তখনই ধর্মের দোহাই দিয়ে তা চূর্ণ-বিচুর্ণ করা হয়েছে'- বেগম রোকেয়ার এই উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে বিভিন্ন স্থানে, এমনকি শহর এলাকাতেও ধর্মের দোহাই দিয়ে নারীদের নির্যাতন করা হয়। এটা এখনো চলছে, যা দুর্ভাগ্যের। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশুদের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে হাসিনা বলেন, "এখনো দেশে বাল্যবিয়ে চলছে, যৌতুক প্রথা এখনো মেয়েদের মৃত্যুর কারণ হচ্ছে, এসিড সন্ত্রাসের শিকার হয়ে অনেক নারী মারা যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা রুখতে আমাদের আরো সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে।" বর্তমানে বিশ্বে নারী উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা, র্অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়ন- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বেগম রোকেয়া নারীদের শিক্ষার আলোকে আলোকিত করার যে কথা বলে গিয়েছিলেন, তা বাস্তবায়ন আমাদের করতে হবে।" নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে হাসিনা বলেন, "আমার সরকারে আমলে প্রথম নারী জজ হয়েছিলেন। আমরাই প্রথম নারীদের সচিব করেছি, ডিসি-এসপি করেছি। সেনা, নৌ ও বিমান বাহিনীতে মহিলা অফিসার আমাদের সরকারই প্রথম করেছে। সন্তানের পরিচয়ে মায়ের নাম সংযোজন করাও হয় আমাদের সরকারের আমলে।" নারীর কর্মদক্ষতায় পুরুষের চেয়ে ভালো করছে দাবি করে ভবিষ্যতে নারীদের মধ্য থেকে স্পিকার নির্বাচনের ইচ্ছার কথাও জানান প্রধানমন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা। নারী উন্নয়নে অবদান রাখার জন্য এ বছর রাজিয়া হোসাইন ও মমতাজ হোসেনকে রোকেয়া পদক দেওয়া হয়। কিশোরগঞ্জে জন্ম নেওয়া রাজিয়া হোসাইন শিক্ষকতায় যুক্ত ছিলেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি বেশ কয়েকটি পদকেও ভূষিত রাজিয়া হোসাইন। শিশু সাহিত্যেও তার অবদান রয়েছে। অপর বিজয়ী রাঙামাটিতে জন্ম নেওয়া মমতাজ হোসেন মূলত লেখালেখি করেন। ছোটদের জন্য লেখা তার বই দেশ বিদেশে পাঠ্যবই হিসেবে পড়ানো হয়। বিটিভির এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক 'শুকতারা' ও 'সকাল সন্ধ্যা'র রচয়িতা তিনি। তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং চারটি স্কুলের প্রতিষ্ঠাতা। শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকটি পদক তার ঝুলিতেও রয়েছে। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া বেগম রোকেয়া ১৯৩২ সালের একই দিনে মারা যান। নানা প্রতিকূলতার মধ্যেও উপমহাদেশের মুসলিম নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার রচিত 'সুলতানাস ড্রিম (সুলতানার স্বপ্ন)' নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। অন্য রচনাগুলোতে নারীমুক্তির কথা বলেছেন তিনি। রোকেয়াকে নিয়ে গবেষণা এবং তার স্মৃতি রক্ষায় পায়রাবন্দে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয় রোকেয়া স্মৃতিকেন্দ্র। রোকেয়ার সমাধি ভারতে আছে। তা বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিও তুলেছে পায়রাবন্দবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৪৫ ঘ.