গাজীপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের তেলিপাড়া এলাকায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বুধবার রাতে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এর মধ্যে ঠাকুরগাঁওয়ের মোখছেদুলকে (৩০) গাজীপুর সদর হাসপাতালে, বাসচালক আব্দুল ওয়াদুদ (৩২), কাপাসিয়ার মানিক বণিক (৩০), ও ছোটন বণিক (২৮), ঢাকার মহখালীর মাসুদ (৩৪), দক্ষিণখানের আলম (২৫) ও তার স্ত্রী সাথীকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও কাপাসিয়াগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে বাস দু'টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে মহাসড়কে পড়ে থাকায় প্রায় একঘণ্টা যানবাহন চলাচল ব্যহত হয়। রাত সাড়ে ১০টার দিকে বাস দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১১ ঘ.
bdnews24