ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের জুন মাস থেকে দেশের সব ডাকঘরে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ পাঠানোর সেবা চালু করবে সরকার।
বুধবার এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে কর্মকর্তারা একথা বলেছেন।
তারা বলেন, ডাক বিভাগ পরীক্ষামূলকভাবে ২০১০ সালের জানুয়ারি মাস থেকে কুমিল্লায় ডাকঘরের মাধ্যমে ই-ব্যাংকিং সেবা চালু করার প্রস্তুতি নিয়েছে। এ সেবা চালু হলে সব ডাকঘর থেকে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ পাঠানো যাবে।
এই সেবা চালু করার লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটি পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮ এর খসড়াও চূড়ান্ত করেছে। শতাব্দী প্রাচীন এ আইনের কারণে ডাকঘরের মাধ্যমে ই-ব্যাংকিং সেবা চালু করা যাচ্ছে না।
সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিগগিরই পোস্ট অফিস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০০৯ সংসদে উপস্থাপন করবেন।
বৈঠকের পর সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, "আমরা আশা করছি, ডাক বিভাগ ২০১০ সালের জুনের মধ্যে সাড়ে আট হাজার ডাকঘরকে 'পোস্টাল ইলেকট্রনিক সেন্টার'-এ রূপান্তরিত করতে পারবে।"
তিনি জানান, পোস্ট অফিস কাম পোস্টাল ইলেকট্রনিক সেন্টার ব্যবহার করে মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থ পাঠাতে পারবে।
প্রক্রিয়াটির ব্যাখ্যা দিয়ে ইনু জানান, এ জন্য সব পোস্ট মাস্টার বিশেষ সিম কার্ড পাবেন। যে পোস্ট অফিস থেকে অর্থ পাঠানো হবে সেখান থেকে প্রেরণকারীকে গোপন নম্বর দেওয়া হবে। যিনি অর্থ তুলবেন তিনি গ্রহীতা পোস্ট অফিসে গিয়ে পোস্ট মাস্টারকে ওই গোপন নম্বর দেখাবেন। পোস্ট মাস্টার অফিস তথ্য যাচাই-বাছাই শেষে গ্রাহককে অর্থ দেবেন।
এ জন্য দেশের সাড়ে আট হাজার ডাকঘরের সবগুলোকেই কম্পিউটার, ওয়েবক্যাম, ইন্টারনেট সুবিধা এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামে সজ্জিত করে পোস্টাল ইলেকট্রনিক সেন্টারে পরিণত করা হবে বলে তিনি জানান।
"ডাকঘরগুলো চিঠি সরবরাহের সেবাও চালু রাখবে", বলেন কমিটির সভাপতি।
বৈঠকের পর ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বের উর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইলট প্রকল্প হিসেবে আমরা কুমিল্লার সব ডাকঘরে এই সেবা চালু করবো।"
তিনি জানান, এই সেবা চালু করতে ডাক বিভাগকে সংযোগ সুবিধা সরবরাহ করবে প্রাইভেট মোবাইল অপারেটর।
ইনু আরো বলেন, " শতাব্দী প্রাচীন পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮ এর সংশোধনী প্রস্তাবে আমরা অনুমোদন দিয়েছি। সরকার শিগগিরই পোস্ট অফিস বিল-২০০৯ নামের একটি সংশোধনী বিল সংসদে উপস্থাপন করবে।"
অভিযোগ রয়েছে, ডাক বিভাগ চিঠি ও অর্থ সময়মতো পৌঁছে দেয় না। অথচ বেসরকারি কুরিয়ার সার্ভিস অপারেটররা প্রায় এক দশক ধরে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ পাঠানোর সেবা দিয়ে আসছে।
মোবাইল ফোনের প্রসারের পর থেকে চিঠি পৌঁছে দেওয়া সেবা খাতে ডাক বিভাগের রাজস্ব আয় মারাত্মকভাবে কমে গেছে। এমন প্রেক্ষাপটে দ্রুত অর্থ পাঠানোর সেবা চালুর কথা বলে আসছিলো ডাক বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এইচএ/২১২৯ ঘ.
bdnews24