২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইড-নোট বই নিষিদ্ধের আদেশ বহাল

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে গাইড ও নোট বই নিষিদ্ধের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিক স্তরে গাইড ও নোট বই নিষিদ্ধের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের আবেদন (লিভ টু আপিল) বুধবার খারিজ করে দেয়। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগের এই রায়ের ফলে প্রকাশকরা সরকারের অনুমোদন ছাড়া কোনো গাইড বই প্রকাশ করতে পারবে না।" ২০০৮ সালের ১৩ মার্চ হাইকোর্ট জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন ছাড়া নোট বই ও গাইড বই প্রকাশ, বিতরণ ও বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দেয়। বাংলাদেশ বই প্রশাসক ও বিক্রেতা সমিতির সভাপতি আবু তাহের হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন। এর আগে সরকার ২০০৭ সালের ১০ ডিসেম্বর নোট ও গাইড বই প্রকাশনা, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলে প্রকাশকরা আদালতের দ্বারস্ত হয়। আবু তাহেরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী ও খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি//আরএ/এমআই/১৭৫০ ঘ.