২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পরিবেশগত উদ্বাস্তু' বাড়ছেই

কক্সবাজার সৈকতের 'কুতুবদিয়া পাড়া'- নামই বলে দেয় এটা কুতুবদিয়ার বাস্তুচ্যুতদের আবাস। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের উদ্বাস্তুর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। মঈনুল হক চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 06:29 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কক্সবাজার, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের ঝাউবন ধরে উত্তর দিকে কিছুটা এগিয়ে গেলেই কুতুবদিয়া পাড়া। দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ভাঙনের ফলে বাস্তুচ্যুতরা আবাস গড়ায় এ নামকরণ। এলাকার আদি বাসিন্দা ৫৮ বছর বয়সী আব্দুস শুকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, ১৯৬০ সালে ঘূর্ণিঝড়ের পর থেকে গৃহহীন মানুষ কক্সবাজারের সৈকতের পাড়ে থাকতে শুরু করে। ১৯৯১ এর ঘূর্ণিঝড়ের পর শুধু কুতুবদিয়া থেকেই প্রায় সাড়ে চার হাজার পরিবার সেখানে বসতি গড়ে। স্থানীয় চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় কুতুবদিয়ার আলী আকবর ডেইল, খুদিয়ারটেক, বড়ঘোপ, আলী ফকিরডেইল, গিলাছড়ি, কালাম্মাছড়াসহ নানা গ্রামের ভাঙন কবলিত গৃহহীনরা অস্থায়ীভাবে বাস করতে থকে। শুকুর জানান, ১৯৮৮ সালে এই পাড়ায় ১২০টি পরিবার ছিল। '৯১ সালে ৫৬৫টি পরিবারের তালিকা করে সরকার। কুতুবদিয়া পাড়ার বাসিন্দা নুরুল কাদের, জয়নাল আবেদীন, আবদুল মজিদ, শবে মেরাজ, মারুফা আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু কুতুবদিয়ার নিঃস্ব মানুষই নয়; বরিশাল, নোয়াখালী, হাতিয়া, ভোলাসহ বিভিন্ন উপকূলের বাস্তুহারাদেরও ঠিকানা কক্সবাজার পৌরসভার এই এক নম্বর ওয়ার্ড। এছাড়া সমিতি পাড়া, ফদন্যারটেক, মোস্তাক্যাপাড়া ও বাসন্যাপাড়ায় রয়েছে কিছু গৃহহীনদের বসতি। কুতুবদিয়া পাড়ার পূর্বদিকে বিমানবন্দর, পশ্চিমে বঙ্গোপসাগর, উত্তরে নাজিরটেক ও দক্ষিণে এডিবি হ্যাচারি। দৈর্ঘ্যে প্রায় আড়াই কিলোমিটার এবং প্রস্থে দেড় কিলোমিটার হবে পাড়াটি। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে নদী অববাহিকা ও উপকূলে ভাঙন দেখা দিচ্ছে। পূর্বপূরুষের ভিটাবাড়ি হারিয়ে প্রতি বছরই বাড়ছে 'পরিবেশগত উদ্বাস্তুর' সংখ্যা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ে আস্তসরকার প্যানেল (আইপিসিসি)-র প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়নের হার দ্রুত গতিতে বাড়ছে। সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এক গবেষণায় বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমান হারে বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ স্থলভাগের বড় একটি অংশ তলিয়ে যাবে পানির নিচে। আর এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোর কমপক্ষে দুই কোটি মানুষ হবে উদ্বাস্তু। শবে মেরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এককূল ভেঙে এখানে এসেছি, আবার একূলও ভাঙতে শুরু করেছে। সংসার নিয়ে এভাবে তো আর পারি না। মরে গেলে বেঁচে যাই।" সমিতি পাড়ায় জন্ম, বেড়ে ওঠা ১৬ বছর বয়সী মোহাম্মদ হান্নানের। সে জানায়, তার বাবা বরিশাল থেকে এসে বসতি গড়েন এখানেই। তার বাড়ির পশ্চিম দিকে আরো পাঁচশ' গজে অনেকের বাড়ি ছিল। এখন যে কোনো দিন তাদের বাড়িটিও নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ৬২ বছর বয়সী মো. সেকান্দর ভোলার নদীভাঙনে নিঃস্ব হয়ে '৭০ এর দশকে এই পাড়ায় আসেন। চার ছেলে, চার মেয়ে নিয়ে তার সংসার। মুদির দোকানে বসে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বললেন, "এক বছরর মদ্যে ইয়ানও ভাঙি যাইবই। আল্লায় হড়ে নে ন জানি। যিয়ান্দি রিজিক রাক্যে ইয়ান্দি যাইয়ম গই। (একবছরের মধ্যে এ পাড়াও বিলীন হবে। সৃষ্টিকর্তা কোথায় রাখে আমাদের জানি না। তবে কপালে যা আছে সেখানে যাব)। ৯০ বছর বয়সী সমিতির পাড়ার সৈয়দা খাতুন জানান, ভাঙনে আবার গৃহহীন হওয়ার আতঙ্কে সময় কাটে তাদের। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) এর গবেষণা ও উন্নয়ন শাখার বিভাগীয় প্রধান আহমাদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের গবেষণায় দেখা গেছে, উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত ৩০ বছর ধরে পাঁচ মিলিমিটার করে বাড়ছে। এটা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ তা ২৭ সেন্টিমিটার ছাড়িয়ে যাবে। আর তখন দেশের উপকূলীয় জেলার গৃহহীন মানুষকে স্থানান্তর হতেই হবে।" 'সি লেবেল রাইজ ইমপ্যাক্ট অন কোস্টাল লাইফ লাইভলিহুড ইন বাংলাদেশ' বিষয়ে সিইজিআইএস ২০০৭ সালে উপকূলের ১৬ জেলায় একটি গবেষণা চালায়। তখন সুন্দরবন এলাকায় পাঁচ মিলিমিটার এবং অন্য জায়গায় তিন থেকে সাত মিলিমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার তথ্য পাওয়া যায়। ওই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আহমাদুল হাসান বলেন, "উপকূলীয় জেলার উপজেলাগুলোর মোট জনসংখ্যা ৪০ বছর পর বেড়ে কমপক্ষে দেড়গুণ হবে। আর তখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা তিন থেকে চার মাস স্থায়ী হবে। এছাড়া সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ ও বরিশালসহ বিস্তীর্ণ অঞ্চলে লবণাক্ততা বিস্তৃত হবে। এতে কর্মহীন প্রায় দুই কোটি মানুষকে জীবিকার সন্ধানে ছুটতে হবে ভিন্ন জায়গায়।" ভাঙন কবলিত নিঃস্ব পরিবারকে 'পরিবেশগ উদ্বাস্ত' উল্লেখ করে শুক্রবার বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী দাবি করে, শুধু কুতুবদিয়া পাড়ায় বর্তমানে ২০ সহস্রাধিক বাস্তুহারা লোক রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, "২০৫০ সাল নাগাদ দেশে এমন উদ্বাস্তুদের সংখ্যা দাঁড়াবে প্রায় ৩ কোটি।" উদ্বাস্তুদের প্রকৃত সংখ্যা উল্লেখ না করে কক্সবাজার জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৈকতে 'পরিবেশগত উদ্বাস্তুদের' সংখ্যা বাড়ছেই।" সেখান থেকে ভূমিহীনদের উচ্ছেদ করা হলেও তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২২০ ঘ.