যশোর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহর ও শার্শা উপজেলায় যুবদল নেতাসহ দুজন খুন হয়েছেন।
সোমবার রাতে শহরে বিপ্লব আহমেদ (৩০) নামের এক ছাপাখানা শ্রমিককে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মসজিদ রোডের ইমপিরিয়াল প্রেসের শ্রমিক ছিলেন।
একই রাতে শার্শায় হত্যা করা হয় উপজেলার লক্ষণপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. সোলায়মানকে (৩৫)।
মঙ্গলবার দুপুরে প্রেস শ্রমিকরা বিপ্লবের লাশ নিয়ে বিক্ষোভ করে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়।
একই সঙ্গে তারা কর্মবিরতি পালন করে বলে জানিয়েছেন যশোর জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ জানান, বিপ্লব প্রেসে কাজ শেষে উপশহরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। তারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
শার্শা থানার ওসি আবু বকর জানান, লক্ষণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোলায়মানকে দুর্বৃত্তরা কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের আটকের চেষ্টা করছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24