২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট রপ্তানিকারকদের মহাসড়ক অবরোধ

কাঁচা পাট রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে খুলনার পাট রপ্তানিকারক ও শ্রমিকরা মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

খুলনা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচা পাট রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে খুলনার পাট রপ্তানিকারক ও শ্রমিকরা মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা খুলনা মহানগরীর দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। পাট রপ্তানি বন্ধ করে দেওয়া প্রজ্ঞাপনটি সোমবার রাতে ফ্যাক্সে বস্ত্র ও পাট মন্ত্রলালয় থেকে খুলনার বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) কার্যালয়ে পৌঁছায় বলে সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেন জানান। তিনি জানান, অভ্যন্তরীণ বাজারে পাটের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার পাট রপ্তানি বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। কাঁচা পাট রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধের সময় ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- রপ্তানিকারক শেখ সৈয়দ আলী, শরীফ ফজলুর রহমান, হারুন আকুঞ্জী, জাহিদুল ইসলাম, আব্দুস সোবহান শরীফ প্রমুখ। বিকেলে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রপ্তানিকারকরা দাবি করেন, পাট রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশ হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে। রপ্তানিকারকরা লোকসানের সম্মুখীন হবেন। পাট ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তারা জানান, রপ্তানি বন্ধের আদেশ প্রত্যাহারে বুধবার তারা বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান রপ্তানিকারকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.