চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার।
বিকেলে বিজয় শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন হবে।
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠ এবং আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে ২১ দিন ধরে চলবে এ মেলা।
মঙ্গলবার সিটি কর্পোরেশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা একথা জানান।
মেলা মঞ্চে প্রতিদিনই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন।
সাত বছর পর পূর্ণাঙ্গ আঙ্গিকে ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলার প্রতিদিনের আলোচনায় বুদ্ধিজীবী, লেখক ও সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা অংশ নেবেন। এছাড়া 'চট্টগ্রামের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক পাঁচ দিনের বিশেষ কর্মশালারও আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মেলা কমিটির চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে লিখিত বক্তব্য রাখেন কমিটির মহাসচিব আবুল হাশেম।
মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, "নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ওই সময়ের সত্যিকার পরিস্থিতি জানাতে এ মেলা ভূমিকা রাখবে।"
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ মেলাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানান মেয়র।
এবারে মেলায় ২৪২টি স্টল ও ছয়টি প্যাভেলিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়া প্রতিদিনই মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক চিত্র প্রদর্শনী থাকবে।
১৯৮৯ সালে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাগরিকরা মিলে সর্বদলীয়ভাবে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২১৫৫ ঘ.
bdnews24