২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে লেন পদ্ধতিতে মিশ্র ফল

রাজধানীর সড়কে যানবাহনের নতুন লেন ব্যবস্থার নিয়ম কার্যকরের প্রথম দিন মঙ্গলবার মিশ্র ধরণের ফল দেখা দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সড়কে যানবাহনের নতুন লেন ব্যবস্থার নিয়ম কার্যকরের প্রথম দিন মঙ্গলবার মিশ্র ধরণের ফল দেখা দেখা গেছে। যানচালকদের অনেকের মধ্যে নিয়ম মানার প্রবণতা দেখা গেলেও যথেষ্ট ব্যতিক্রমও দেখা গেছে। সব মিলিয়ে প্রথম দিন যান চলাচল ব্যবস্থায় বড় ধরণের পরিবর্তন চোখে পড়েনি। ধারণা করা হচ্ছে অনভ্যস্ততা ও জরিমানার ভয়ে অনেক কম যানবাহন রাস্তায় নামা এর অন্যতম কারণ। প্রথমদিনের অভিযানে বিভিন্ন অভিযোগে যানচালকদের বিরুদ্ধে ৮৩০টি মামলা, ২১ চালক গ্রেপ্তার, ১১ লাইসেন্স জব্দ ও প্রায় ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নতুন নিয়ম সম্পর্কে যানচালকদের সচেতন করতে এক সপ্তাহ কার্যক্রম চালানোর পর মঙ্গলবার থেকে তা কার্যকর করা হয়। এদিকে যানজট নিরসন করতে হলে জনগণকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন মহানগরী পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক। অভিযানের ভীতিতে মঙ্গলবার তুলনামুলকভাবে রাজধানীর সড়কগুলোয় গাড়ির সংখ্যা অনেক কম ছিল। অনেক প্রাইভেটকার মালিক যেমন তাদের গাড়ি বের করেননি, আটকের ভয়ে বাসের সংখ্যাও অনেক কম ছিল। এ কারণে অভিযান চলা সত্ত্বেও সড়কগুলোয় তেমন একটা যানজটের সৃষ্টি হয়নি। বিকালে উত্তরা থেকে বাসে ধানমণ্ডি আসা ইউসুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এয়ারপোর্ট রোডে তিনি বিশেষ করে সিএনজি ও ট্যাক্সিকে মোটের ওপর লেন মেনে চলতে দেখেছেন। দুপুরে শাহবাগে প্রাইভেট কার আরোহী রাশিদা বেগম জানালেন, যানবাহন চালকদের মধ্যে তিনি লেন মেনে চলতে দেখেছেন। আর সিগন্যালে ঠিকমতো থেমে অপেক্ষা করার প্রবণতাও কিছুটা বেশি মনে হয়েছে তার কাছে। অন্যদিকে কিছুটা ভীতির কারণে বাস কম নামায় অনেক যাত্রীকে শাহবাগ ও ফার্মগেটের মতো স্থানে অনেক যাত্রীকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মহানগরী পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক দুপুরে নতুন লেনব্যবস্থায় গাড়ি চলাচল ঘুরে দেখেন। শেরাটন ক্রসিং, সোনারগাঁও ক্রসিং ও কাকলি মোড়ে তিনি কিছু সময় কাটান। পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, "আমরা মহানগরীর যানজট নিরসন করতে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল অব্যাহত রাখতে সড়কগুলোয় কয়েকটি লেন করা হয়েছে। গাড়ি চালকদের এসব লেনে নিয়ম অনুযায়ী গাড়ি চালানোর জন্যে কয়েকদিন ধরেই অনুরোধ করা হচ্ছে। নিয়ম না মানলে আজ থেকে জরিমানা করা হবে।" তিনি বলেন, "নগরীতে যানজট কমাতে হলে সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর বিকল্প নেই। এ জন্যে শুধুমাত্র পুলিশ সদস্যরা কিছু করতে পারবেন না। জনগণকেও প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে হবে।" পুলিশ কমিশনার বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের কিছু নির্দেশনা দেন। মহানগর পুলিশের সহকারি কমিশনার শ্যামল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়ম অমান্য করায় মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত ৮৩০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ১৭টি যান। বিভিন্ন অভিযোগে ২১ জন চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং ৯৪ হাজার ৭শ' টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১১ জনের লাইসেন্স স্থগিত করা হয়েছে। মহানগরীর ১২ জন উপ-পুলিশ কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এসকে/২১৪০ঘ.