বান্দরবান, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের আলীকদম উপজেলায় বাজার থেকে ত্রাণের ৮৭ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
মঙ্গলবার দুপুরে আলীকদম বাজারের সুবল চন্দ্র সিকদারের দোকানে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।
প্রশাসন জানায়, ইঁদুর বন্যায় উপজেলায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এসব চাল বরাদ্দ দিয়েছিল। চাল বিতরণের দায়িত্বে ছিল স্থানীয় বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, গ্রাউস কর্তৃপক্ষ এসব চাউল ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ না করে বিক্রি করে দেয়। এ খবর পাওয়ার পর তিনি পুলিশ নিয়ে অভিযান চালান।
ইউএনও আরো জানান, প্রতিটি বস্তায় ৪০ কেজি করে চাল আছে। জব্দকৃত চাল আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিনের হেফাজতে রাখা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন জানান, জব্দকৃত চালের বস্তায় ডব্লিউএফপি ও ইউরোপীয় ইউনিয়ন'র সিল ও 'বিক্রির জন্য নয়' লেখা রয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য বান্দরবানে গ্রাউস'র প্রধান কার্যালয়ে ফোন করে সংস্থার নির্বাহী পরিচালক চাই চিং মংকে পাওয়া যায়নি।
তবে ক্যচিং নামের একজন নিজেকে প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, নির্বাহী পরিচালক বাইরে রয়েছেন। তার মোবাইল ফোন নম্বর চাইলে দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24