২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সংঘর্ষ ও হামলা, আহত ৬

জমি নিয়ে বিরোধের জেরে বাগেরহাট সদর উপজেলায় দু'টি গ্রামে সংঘর্ষ ও প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

বাগেরহাট, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে বাগেরহাট সদর উপজেলায় দু'টি গ্রামে সংঘর্ষ ও প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ছয়জন আহত হয়েছেন। উপজেলার আলুকদিয়া গ্রামে মঙ্গলবার সকাল এবং কালিয়া গ্রামে সোমবার রাতে এ দু'টি ঘটনা ঘটে। আহতরা হলেন- আলুকদিয়া গ্রামের ঝর্না বেগম (২৩), তার ভাই লিটন শেখ (২৫), চাচা বদর উদ্দিন (৪৫) ও চাচার ছেলে শরিফুল ইসলাম (১৯), কালিয়া গ্রামের জামিলা বেগম (৫৫) এবং তার মেয়ে জাহানারা বেগম (২৫)। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ঝর্না বেগম সাংবাদিকদের বলেন, তাদের সঙ্গে চাচা বদর উদ্দিনের জমি নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার সকালে ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে তিনি বেড়া দিতে গেলে চাচা বাধা দেন। এক পর্যায়ে বদর উদ্দিন ও তার ছেলেসহ কয়েক ব্যক্তি লাঠিসোটা নিয়ে ঝর্নার বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের চারজন আহত হন। এদিকে আহত জামিলা বেগম জানান, জমি নিয়ে বিরোধের জেরে তার দেবর নূরু শেখ সোমবার রাত ৮টার দিকে লোকজন নিয়ে তার বাড়িতে এসে তাকে ও তার মেয়েকে পিটিয়ে জখম করে। বাগেরহাট সদর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বলেন, পুলিশ দুই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ থানায় মামলা করেনি। কাউকে গ্রেপ্তার করাও যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৭ ঘ.