চাঁদপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে সরকার প্রতিশ্র"তিবদ্ধ।"
মঙ্গলবার দুপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে চাঁদপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
৭১'র এই দিনে (৮ ডিসেম্বর) যেসব মুক্তিযোদ্ধা চাঁদপুর মুক্ত করছিলেন তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকরের ব্যাপারে আইনানুগ পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে। খুনিদের মধ্যে যারা দেশের বাইরে আছে তাদেরকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।"
অচিরেই খুনিদের দেশে এনে রায় কার্যকর করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতীয় যুব দিবসের আলোচনায় দীপু মনি বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিলো তাদের মদদে দেশে জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদের জন্ম হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতেই জনগণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে নির্বাচিত করেছে।
জেলা প্রশাসক বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৬০ তরুণ-তরুণীকে ২৬ লাখ ৪৪ হাজার টাকা ঋণের চেক দেওয়া হয়।
এছাড়া আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে অবদান রাখার জন্য ২৬ জনকে পুরস্কার ও সনদ এবং একজনকে সেলাই মেশিন দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী আরো কয়েকটি কর্মসূচিতে যোগ দেন। বিকালে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24