২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টার অভিযোগ তারেকের

বিগত তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিগত তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। বিএনপির সম্মেলনে দেওয়া ভিডিওতে ধারণকৃত এক বক্তব্যে এই অভিযোগ করে দৃশ্যত নির্বাসিত এই বিএনপি নেতা বলেছেন, "এখনো আমার চিকিৎসা চলছে। স্বাভাবিক হতে বেশ কিছুদিন বিদেশে আমাকে থাকতে হবে। কতদিন লাগবে জানি না।'' নেতাকর্মীদের উদ্দেশ্য করে লন্ডন থেকে দেওয়া বক্তব্যে সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেন, "আমি আগামীতে কখন দেশ ও দলের কাজে জড়াব, সে সিদ্ধান্ত এখনো নিইনি। আগামীদিনে সার্বিক পরিস্থিতি এবং শারীরিক সুস্থতার ওপর তা নির্ভর করছে।'' মঙ্গলবার পঞ্চম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে দুপুর সাড়ে ১২টায় তারেক রহমানের ভিডিওতে ধারণ বক্তব্য প্রচার করা হয়। কালো সুট পরিহিত তারেক আবেগ আপ্লুত কন্ঠে বক্তব্য রাখেন। বিগত সেনা প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার ওপর নির্যাতন চালানো হয়েছে অভিযোগ করে তারেক বলেন, ''এখনো ওই পাশবিক নির্যাতনের কথা মনে হলে আমি শিহরিত হয়ে উঠি। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। মা-বাবার সৎ কর্মের জন্য আমি এখনো বেঁচে আছি। বর্বর নিপীড়নের চিহ্ন আমার দেহে বহন করে এক ধরনের নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে আমাকে। ''আমি জ্ঞাতসারে কারো কখনো ক্ষতি করিনি। দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করার কথা ভাবিনি। জানি না কেনো বিনা অপরাধে আমাকে এই শাস্তি পেতে হলো ?'' তত্ত্বাবধায়ক সরকার তাকে দেশ থেকে চলে যেতে বলেছিলো অভিযোগ করে তারেক আরো বলেন, ''আমি পালিয়ে যাইনি। অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে কারাগারে নির্যাতন করা হলো। সেখানে সভ্যতা, মানবতা, আইনের তোয়াক্কা না করে আমার ওপর নির্যাতন করেছে। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল।'' ২০০৭ সালে ৭ মার্চ তারেক রহমানকে শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। পরে সুপ্রিম কোর্টের জামিনে চিকিৎসার জন্য তিনি লন্ডন যান ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর। ১০ মিনিটের এই বক্তব্য শুনতে গিয়ে অনেকে নেতার চোখে জল দেখা যায়। নেতাকর্মীদের উদ্দেশে তারেক বলেন, ''আমি এখন অনেক দূরে। সেখান থেকে আপনাদের খবর নেই। বিদেশে বসে এখনো আত্মবিশ্লেষণ ও পরিস্থিতি পর্যালোচনা করছি-আগামীতে কখন দেশ ও দলের কাজে নিজেকে জড়াব। আপনারা আমার জন্য দোয়া করবেন।" তারেক তার বক্তব্যের শুরুতে কাউন্সিলে উপস্থিত সবাইকে সালাম জানান। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারেকের বক্তব্যের সময়ে মঞ্চে বসা মা খালেদা জিয়াও স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/জিএনএ/১৪২৯ ঘ.