২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্গঠিত বিএনপির প্রত্যাশায় আ. লীগ

কাউন্সিলের মাধ্যমে বিএনপি পুনর্গঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউন্সিলের মাধ্যমে বিএনপি পুনর্গঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সম্মেলনে এসে সরকারি দলের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ''আমরা দেশের ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংগঠনের সফলতা কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে সাফল্য কামনার কথা জানাতে এসেছি। আমরা প্রত্যাশা করি কাউন্সিলের মাধ্যমে বিএনপি পুনর্গঠিত ও শক্তিশালী হবে। এর মাধ্যমে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে, মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা হবে।'' মঙ্গলবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান বিরোধী দল বিএনপির দলটির পঞ্চম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতা হিসেবে অসীম কুমার বক্তব্য দেন। পঞ্চম কাউন্সিলে বিদেশী রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অসীম চার সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অসীম কুমার উকিল ১/১১ এর কথা তুলে ধরে বলেন,"আমরা একসঙ্গে আন্দোলন করে নব্বইয়ে স্বৈরাচার মুক্ত করেছিলাম। দেশ স্বৈরাচার মুক্ত হলেও স্বৈরাচারী মুক্ত হয়নি বলে ১/১১ হয়েছে।'' এ সময়ে তুমুল করতালিতে পুরো কাউন্সিল চত্ত্বর মুখরিত হয়ে উঠে। এছাড়া বিএনপির কাউন্সিল অধিবেশনের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, জাগপা'র প্রধান শফিউল আলম প্রধান প্রমূখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/জিএনএ/১৩১৯ ঘ.