২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা, তারেকের আবেদনের শুনানি মুলতবি

জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের আবেদনের শুনানি আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের আবেদনের শুনানি আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. রইসউদ্দিনের বেঞ্চ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি মুলতবির এই আবেদন জানান। গত ১৩ নভেম্বর খালেদা জিয়া ও তারেক রহমান মামলাটির কার্যক্রম স্থগিতের জন্য হাইকোর্টে আবেদন দায়ের করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা কেন বাতিল হবে না জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি গত ১৫ অক্টোবর রুল জারি করেছিল হাইকোর্টের একই বেঞ্চ। এর আগে ১৫ সেপ্টেম্বর এ মামলাটি বাতিলের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে হাইকোর্টে দু'টি পৃথক আবেদন দায়ের করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গত বছরের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ' ৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলায় দুদকের উপপরিচালক হারুন অর রশিদ গত ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। ৭ সেপেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই আদালতে মামলাটি বর্তমানে বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০০০ ঘ.