২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম ভোট না পেলে দলের নিবন্ধন বাতিল হতে পারে

পরপর দুটি সংসদ নির্বাচনে ন্যূনতম জনসমর্থন না পেলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরপর দুটি সংসদ নির্বাচনে ন্যূনতম জনসমর্থন না পেলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আলোচনার পর এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ নয়, বরং সক্রিয় করতেই ন্যূনতম জনসমর্থন অর্জনের বাধ্যবাধকতার বিধান রাখার কথা ভাবা হচ্ছে। সোমবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছহুল হোসাইন একথা বলেন। নবম সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৮টি। এর মধ্যে চারটি দল ছাড়া বাকিদের প্রাপ্ত ভোট ছিল ১ শতাংশেরও নিচে। নিবন্ধিত হয়ে অনেক দল 'ডামি প্রার্থী' দিয়ে থাকে মন্তব্য করে ছহুল হোসাইন আরো বলেন, "ন্যূনতম ভোট অর্জনের বাধ্যবাধকতা থাকলে নিবন্ধিত হয়ে নির্বাচনে অংশ না নেওয়ার প্রবণতাও রোধ হবে।" দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচনে ন্যূনতম কত শতাংশ ভোট পেতে হবে তা নির্ধারণ করা হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, এক্ষেত্রে পর পর দুটি নির্বাচনে দলের ফলাফল পর্যালোচনা করার কথাও ভাবা হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় ওই প্রার্থীকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর (সমর্থন) জমা দেওয়ার বিধান রয়েছে। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত না থাকায় রাজনৈতিক দলগুলো অনেক আসনে প্রার্থী দেওয়ার সুযোগ পায় জানিয়ে ছহুল হোসাইন বলেন, "ন্যূনতম জনসমর্থনের শর্ত জুড়ে দিলে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের বৈষম্য দূর হবে। জনসমর্থন আদায়ে দলগুলো 'ডামি প্রার্থী' দেওয়া বন্ধ করবে এবং ভালো প্রার্থী দেওয়ার প্রবণতা বাড়বে।" সংলাপে রাজনৈতিক দলগুলো নতুন এ বিধি সংযোজনে একমত হলে গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালায় সংশোধনের প্রস্তাব করা হবে বলে জানান তিনি। ২৯ ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশ সাম্যবাদী দল সর্বনিু ২৯৭টি ভোট পায় (দশমিক ০০০৪ শতাংশ)। এছাড়া ফ্রিডম পার্টি ৫৬৬ ভোট পেয়ে সবচেয়ে কম ভোট পাওয়ার তালিকায় দ্বিতীয়, বাংলাদেশ মুসলিম লীগ ১১১৩ ভোট পেয়ে তৃতীয় এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় সাড়ে ৬৫ হাজার ভোট পেয়ে (দশমিক ৯৩৭৮ শতাংশ) ৩৪ তম স্থান দখল করে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ৪৮ শতাংশ, বিএনপি ৩২ শতাংশ, জাতীয় পার্টি-জাপা সাত শতাংশ এবং জামায়াতে ইসলামী সাড়ে চার শতাংশ ভোট পায়। সারাদেশে স্বতন্ত্র প্রার্থীরা সর্বমোট ভোট পায় প্রায় ৩ শতাংশ। এদিকে, প্রবাসীদের ভোটার করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন জানান, এ বিষয়ে সরকার আন্তরিক। এব্যাপারে ইসির সুপারিশ আইনমন্ত্রণালয়ে রয়েছে। মন্ত্রিপরিষদে অনুমোদন হলে দ্রুত তা সংসদে উপস্থাপন হবে। আইন প্রণীত হলেই তাদের ভোটার করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এদিন প্রবাসী বাংলাদেশীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/১৯২৮ ঘ.