ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর স্থগিত করা হয়েছে।
আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী দিল্লি যেতে পারেন বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোমবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের দীপু মনি বলেন, "প্রধানমন্ত্রীর ১৮ ডিসেম্বর কোপেনহেগেন থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু এ সফরসূচিতে পরিবর্তন আনতে হয়েছে। নতুন তারিখ হতে পারে ১০/১১ জানুয়ারি।"
ভারত সরকারের অনুরোধে এ সফরসূচি স্থগিত করা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।
তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৮ ডিসেম্বর কোপেনহেগেনে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সভায় যোগ দেবেন।
দীপু মনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হসিনাও ১৮ ডিসেম্বর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফরসূচি স্থগিত হওয়ায় আমরা আরো ভাল প্রস্তুতি নেওয়া সুযোগ পাব।"
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/ডিডি/জিএনএ/২০১২ ঘ.
bdnews24