কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দাইরা নদীতে নৌকাডুবির তিনদিন পর সোমবার আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে লাশের সংখ্যা দাঁড়ালো ৫২। এখনও নিখোঁজ আছেন দুজন।
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে নৌ মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের কমিটি।
অষ্টগ্রাম উপজেলার কদমছাল গ্রাম থেকে করিমগঞ্জ যাওয়ার পথে শুক্রবার মিঠামইনের ফুলপুর এলাকায় ইঞ্জিনচালিত নৌকাটি একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনাস্থল থেকে আট কিলোমিটার পশ্চিমে মহিষাকান্দি এলাকায় ঘোড়াউত্রা নদীতে সকালে একটি লাশ ভেসে ওঠে।
লাশটি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার অলি উল্লাহ নামের ১০ বছরের এক কিশোরের।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নিয়ে উদ্ধার লাশের সংখ্যা ৫২-এ দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছেন দুজন।"
তিনি জানান, দুর্ঘটনার পরপরই তানভীর (২৫) ও তানজিল (১২) লাশ প্রশাসনকে না জানিয়ে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছিল।
আর নিখোঁজদের মধ্যে একজনের নাম তালিকায় দু'বার লেখা হয়েছে বলে ইউএনও জানান।
তিনি আরো জানান, নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল কুদ্দুস'র নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা সকাল ১১টায় ফুলপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেন।
ইউএনও জানান, তিনদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিটির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/১৭০৫ ঘ.
bdnews24