কক্সবাজার, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মাছ ধরা ট্রলার লুটের পর জলদুস্যরা ১৭ জেলেকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদের মধ্যে দুজন রোববার উপকূলে ফিরে এসেছে। আবু তাহের (৩২) ও সৈয়দ উল্লাহ (৩০) নামে ওই দুজন ট্রলার ডাকাতির খবরটি দিয়েছেন। তাদের বাড়ি শহরের পাহাড়তলী এলাকায়।
ট্রলার মালিক ছালামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার 'এফবিএন হক' নামের ট্রলারটি গত ২ ডিসেম্বর সাগরে যায়। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৫টি ট্রলার নিয়ে জলদস্যুরা ট্রলারটিকে ঘিরে ফেলে।
তিনি বলেন, "জলদস্যুরা ট্রলারটি থেকে ৩ হাজার ইলিশ মাছ এবং বিভিন্ন মেশিন লুট করে ট্রলারটি পানিতে ডুবিয়ে দেয়। আর ট্রলারের ১৭ জন জেলেকে মারধর করে নিজেদের ট্রলারে তুলে নিয়ে হাত পা বেঁধে সাগরে ফেলে দেয়।"
উপকূলে ফিরে আসা দুই জেলে জানান, তারা দুজন কোনোরকমে বাঁধন খুলে ভাসতে থাকেন।
আবু তাহের বলেন, "আরেকটি মাছ ধরার ট্রলার আমাদের দুজনকে উদ্ধার করে বাঁশখালী উপকূলে নিয়ে যায়। বাঁশখালী থেকে রোববার আমরা কক্সবাজার শহরে আসি।"
সাগরে ফেলে দেওয়া অপর জেলেরা বেঁচে নেই বলেও আশঙ্কা করছেন তারা।
ট্রলারটির মালিক ছালামত উল্লাহর বড় ভাই মোহাম্মদ হানিফ জানান, বাকি জেলেদের খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২০০ ঘ.
bdnews24