২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৈত্রিক ভিটা দেখতে ভারত গেলেন এরশাদ

পৈত্রিকা ভিটা দেখার জন্য রোববার দুপুরে ভারত গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সঙ্গে তার ছেলে এরিক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

রংপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৈত্রিকা ভিটা দেখার জন্য রোববার দুপুরে ভারত গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সঙ্গে তার ছেলে এরিক রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার দিনহাটায় এরশাদের পৈত্রিক ভিটা। আগামী বুধবার তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়। লালমনিরহাটের স্থানীয় সাংবাদিকরা জানান, দুপুর সোয়া ১টার দিকে এরশাদ ছেলেকে নিয়ে জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে যান। সঙ্গে রয়েছেন ব্যক্তিগত সচিব অবসরপ্রাপ্ত মেজর খালেদ আহম্মেদ। ওপারে যাওয়ার পর এরশাদকে ফুল দিয়ে স্বাগত জানান তার জ্ঞাতি ভাই মোজাম্মেল হোসেনসহ অন্য আত্মীয়রা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও কুচবিহার জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সীমান্ত অতিক্রমের আগে এরশাদ সাংবাদিকদের বলেন, "বয়স হয়েছে। এরপর আর পৈত্রিক বাড়িতে যেতে পারবো বলে মনে হয় না।" এরশাদ পরিবারের আদিবাড়ি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায়। ১৯৪৭ এ ভারত যখন স্বাধীন হয় তখন কুচবিহার ছিল স্বাধীন মহারাজার শাসনাধীন। ১৯৪৯ সালে কুচবিহার ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৫০ সালে কুচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলার মর্যাদা পায়। এরশাদের বাল্যবন্ধু ডা. অসিত চক্রবর্তীর উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ১৯৪৬ সালে দিনহাটা বয়েজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এরশাদ। এরপর এরশাদের বাবা মকবুল হোসেন পরিবার নিয়ে সীমান্তের এপারে রংপুরে এসে বসতি গড়েন। মকবুলের অপর পাঁচভাই সীমান্তের ওপারে ভারতেই রয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়। এর আগে ১৯৭৫ সালে সর্বশেষ পৈত্রিক ভিটা দেখতে যান এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৫ ঘ.