২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্পে ডাকাতি

রাজধানীর তুরাগ থানা এলাকার কামার পাড়া তালতলায় রোববার ভোররাতে একটি পেট্রোল পাম্পে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তুরাগ থানা এলাকার কামার পাড়া তালতলায় রোববার ভোররাতে একটি পেট্রোল পাম্পে ডাকাতি হয়েছে। লতিফ ফিলিং স্টেশন নামের ওই পেট্রোল পাম্প থেকে ডাকাতরা নগদ প্রায় ৭ লাখ টাকা, কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে। পুলিশ বলেছে, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাম্পের মালিক হেদায়েতউল্লাহ পাখি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৪ টার ১০/১২জন সন্ত্রাসী এসে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি ভেঙে তেল বিক্রির নগদ ৭ লাখ ৭০ হাজার টাকা, একটি টেলিভিশন, একটি কম্পিউটার, ৪টি মোবাইল নিয়ে যায়। প্রতিদিন রাত সাড়ে ১১টার দিকে পাম্পটি বন্ধ করে দেওয়া হয়। তবে বিশেষ ব্যবস্থায় তেল বিক্রি করা হয়ে থাকে। হেদায়েতউল্লাহ জানান, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১১টার পর তেল বিক্রির টাকা স্টিলের আলমারিতে রেখে ম্যানেজারসহ অন্য কর্মচারীরা তালা লাগিয়ে ভেতরে ঘুমিয়ে পড়ে। বাইরে দু'তিনজন কর্মচারী থাকে তারা তেল বিক্রি করে টাকা নিজেদের কাছে রাখে পরে সকালে ম্যানেজারকে বুঝিয়ে দেয়। ডাকাতদের কয়েকজন পায়ে হেঁটে এবং অন্যরা একটি প্রাইভেটকারে চড়ে চলে যায় বলে পাম্পের ব্যবস্থাপক সোহেল মিয়া জানান। ডাকাতদের হাতে পিস্তল ও চাপাতিসহ দেশি অস্ত্র ছিলো বলে জানান তিনি। এ বিষয়ে যোগযোগ করা হলে তুরাগ থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতির ঘটনায় মামলা দায়ের হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫০০ ঘ.