চাঁদপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের বিজয়গাথা নবীন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে চাঁদপুরে শুরু হলো মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) থেকে মেলা শুরু হলেও আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।"
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট এ বি ছিদ্দিক উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।
বরাবরের মতো এবারও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা হচ্ছে।
মেলার প্রতিদিনের কর্মসূচির মধ্যে রয়েছে: মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন, গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্য শিশুদের পুতুল নাচ ও নাগরদোলা প্রদর্শন এবং হস্ত, কুটির শিল্প ও বিভিন্ন রকমারি পণ্য সামগ্রীর স্টল।
এছাড়া মেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অনুদান প্রদান, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.
bdnews24