২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি বন্ধ, যানজট

কুয়াশার কারণে ফেরি পারাপার বন্ধ থাকায় মাওয়া ও পাটুরিয়া ঘাটে যানজট দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 06:24 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে ফেরি পারাপার বন্ধ থাকায় মাওয়া ও পাটুরিয়া ঘাটে যানজট দেখা দিয়েছে। কুয়াশার কারণে রোববার ভোর সাড়ে ৫টা থেকে বন্ধ হয়ে যাওয়ার পর সকাল ১০টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডাব্লিওটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। কুয়াশার প্রকোপ বেড়ে গেলে দৌলতদিয়া ছেড়ে আসা চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। তখন ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।" ঢাকা এবং খুলনা-বরিশাল রুটের গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথ ব্যবহার করে থাকে। ঈদের সপ্তাহ শেষে রাজধানীমুখী গাড়ির সংখ্যা শনিবার ছিলো স্বাভাবিকভাবেই বেশি। স্থানীয়রা জানায়, সাড়ে চার ঘণ্টা পারাপার বন্ধ থাকার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটেই তীব্র যানজটের সৃষ্টি হয়। দুই পাড়ে মোট ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক ও ২ শতাধিক যাত্রীবাহী বাস সকাল ১১টার দিকে পারের অপেক্ষায় ছিলো। এদিকে নদীতে আটকা পড়া ফেরি চারটি কুয়াশা কেটে যাওয়ার পর পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছে। হেমন্তের শেষ দিকে এসে সারাদেশেই শীত পড়তে শুরু করেছে। রাজধানীতেও শনিবার অনেক বেলা পর্যন্ত কুয়াশা ছিলো। কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল রোববার রাত ২টা থেকে সকাল ১১টা পর্যন্ত বন্ধ ছিলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন। বিআইডব্লিউটিসির মাওয়া জোন ইন চার্জ (বাণিজ্য) সিরাজুল হক জানান, ঘন কুয়াশা ভেদ করে বীকন বাতি ও সিগন্যাল বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে নৌ চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে দুই ঘাটে এক হাজারের মতো গাড়ি আটকা পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.