২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মোজাম্মেল হক মারা গেছেন

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। শনিবার রাত সাড়ে নয়টায় গুলশানে নিজের বাসায় মোজাম্মেল হকের মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে মস্তিস্ক ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মোজাম্মেল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ছিলেন। সর্বশেষ ইসলামিক টিভির প্রধান বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন তিনি। রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হবে বলে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মোজাম্মেল হক ১৯৯১ সালে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব পদে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে অধিকাংশ সময় অধুনালুপ্ত 'দৈনিক বাংলা'-য় কর্মরত ছিলেন মোজাম্মেল হক। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য '৮৯ সালে প্রথম ফিলিপস পুরস্কার পান তিনি। দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা হিসেবেও তিনি কাজ করেছেন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দুই দফায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ মোজাম্মেল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মোজাম্মেল হক স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসকে/২৩৪৯ঘ.