২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে আগুনে নিহত তৃতীয়জনের পরিচয় মিলেছে

নিউইয়র্ক সিটির কুইন্সের গত ৭ নভেম্বর আগুনে নিহত তিন বাংলাদেশীর মধ্যে তৃতীয় ব্যক্তিরও পরিচয় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউইয়র্ক সিটির কুইন্সের গত ৭ নভেম্বর আগুনে নিহত তিন বাংলাদেশীর মধ্যে তৃতীয় ব্যক্তিরও পরিচয় পাওয়া গেছে। তার নাম বিশ্বজিৎ চন্দ্র পাল (৩৬)। তিনি পেশায় ক্যাব চালক ছিলেন। ১৯৯৮ সালে বিশ্বজিৎ নিউইয়র্কে পাড়ি জমান। বেশ কয়েকবছর তিনি সেখানেই ছিলেন। পেশায় ক্যাব চালক বিশ্বজিৎ এরপর ফ্লোরিডাতে গিয়ে পেট্রোল স্টেশন এবং ডিপার্টমেন্ট স্টোরে কাজ শুরু করেন। বিশ্বজিৎ এ বছর দেশে এসে বিয়ে করেছিলেন। নিউইয়র্ক টাইমস্ এর এ সংক্রান্ত একটি সংবাদে বলা হয়েছে, ঘটনার পাঁচদিন পর আলম নামে এক প্রতিবেশীর তৎপরতায় শেষ পর্যন্ত বিশ্বজিতের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়। তবে নানা আনুষ্ঠানিকতার জটিলতায় এতদিন তার পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একাংশের সাবেক সভাপতি সুবীর বড়ুয়ার বাসার ওই আগুনে তিনি নিজেও গুরুতর আহত হন। এতে নিহত এসডি জাহান (৩১) ও অন্য বাংলাদেশীর মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২৩০৫ঘ.